লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাওলানা আবুল কাশেম (৫৯) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত ঘটনায় ৬ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহত শিক্ষক উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের জান মোহাম্মদ সিকদার পাড়ায় মৃত আব্দুর সোবহানের পুত্র ও চরম্বা জামেউল উলুম দাখিল মাদ্রাসার সুপার। গত বুধবার রাতে নিহতের ছেলে ফোরকান আহমদ (২৯) বাদি হয়ে থানায় এই মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন একই এলাকার কবির আহমদের পুত্র হারুনুর রশিদ (৩৭), সামশুল ইসলাম (৩২), মৃত সুলতান আহমদের পুত্র জামাল হোসেন প্রকাশ জামাল ড্রাইভার (৫৫), মৃত নুরুল হকের পুত্র সোয়াইবুল হক আদন (১৯), হারুনুর রশিদের স্ত্রী ফেরদৌসি আক্তার (২৬) ও উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়া পাড়ার গুরা মিয়ার পুত্র ইয়াকুব মিয়া প্রকাশ ইয়াকুব মিস্ত্রী। ঘটনার পর আসামি হারুনুর রশিদ ও সামশুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, আসামিদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা–জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার সকালে জামাল হোসেন প্রকাশ জামাল ড্রাইভারের প্ররোচনা ও নেতৃত্বে হারুনুর রশিদ, সামশুল ইসলাম, সোয়াইবুল হক আদন, ইয়াকুব মিয়া প্রকাশ ইয়াকুব মেন্ত্রী, ফেরদৌসি আক্তারসহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে যায়। আসামিরা ধারালো কিরিচ, লোহার রড, হাতুড়ি, গাছের লাঠি ও পেরেকযুক্ত বাটাম নিয়ে ভুক্তভোগীদের মৌরশী সম্পত্তিতে প্রবেশ করে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করে। এ সময় মাওলানা আবুল কাশেম বাধা দিলে আসামিদের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আসামি হারুনুর রশিদ পেরেকযুক্ত বাটাম দিয়ে তার মাথা ও শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে নিহতের চাচাতো ভাই শাহ আলম ও বোন ছখিনা বেগমের উপরও হামলা চালানো হয়। শাহ আলমের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হলে তিনি রক্তাক্ত জখম হন। ছখিনা বেগমকে ধারালো দা দিয়ে কোপ ও মারধর করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাওলানা আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।
এদিকে গতকাল সকালে মাওলানা আবুল কাশেমের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে চরম্বা নয়া বাজারে চরম্বা জামেউল উলুম দাখিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একইদিন মরদেহের ময়নাতদন্তের পর রাত ৯টায় চরম্বা জামেউল উলুম দাখিল মাদ্রাসা মাঠে নিহতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, নিহতের ছেলে বাদি হয়ে ৬ জনকে এজাহারভুক্ত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ২ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।













