কক্সবাজারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা এবং দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব–১৫। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টেকনাফ ও ঈদগাঁও এলাকায় এসব অভিযান চালানো হয়। গতকাল এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, বুধবার রাত আনুমানিক সোয়া ১১টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি লবণের ট্রাকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে বাঁশখালীর এমরানুল ইসলাম এবং টেকনাফের সাবরাংয়ের নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ইয়াবা ছাড়াও ১০০ মণ লবণসহ পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
অন্যদিকে, গতকাল দিবাগত রাত ১টার দিকে ঈদগাঁও থানার আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় অপর একটি অভিযান চালায় র্যাবের সিপিসি দল। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুই ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ঈদগাঁও কালীরছড়া এলাকার এনামুল হক এনাম ও নুরুল আফসার রিপন।
র্যাব–১৫–এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।













