লোহাগাড়ায় বিদ্যালয়ের মাঠ ভরাট কাজে অনিয়মের অভিযোগ

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিদ্যালয়ের মাঠ ভরাটে বরাদ্দ অনুয়ায়ী কাজ না হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার চরম্বা ইউনিয়নে অবস্থিত চরম্বা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট কাজ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

জানা যায়, ২০২৫২৬ অর্থ বছরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ১% (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় চরম্বা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটের বরাদ্দ দেয়া হয়। যার পরিমাণ ২ লাখ ৩৮ হাজার ২২৬ টাকা। চলতি বছরের শুরুতে মাঠে শুধুমাত্র আনুমানিক ৪০ গাড়ি মাটি ফেলা হয়। এরপর থেকে দীর্ঘদিন কাজ বন্ধ রয়েছে। হয়নি বরাদ্দ অনুযায়ী কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, মাঠ ভরাটে সেই অনুযায়ী কাজ দৃশ্যমান হয়নি। এতে প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে ভবিষ্যতে মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। ব্যাহত হবে শিক্ষার্থীদের খেলাধুলা ও অন্যান্য কার্যক্রম।

গত সোমবার সরেজমিনে দেখা যায়, চরম্বা উচ্চ বিদ্যালয় ভবনের সামনে অবস্থিত মাঠের একপাশে মাটি ফেলা হলেও তা সুষমভাবে ছড়ানো হয়নি। দীর্ঘদিন ধরে একই অবস্থায় পড়ে রয়েছে। মাঠের বিভিন্ন স্থানে ছোটবড় গর্ত ও অসমতল অংশ চোখে পড়ে। বরাদ্দ অনুযায়ী কাজের প্রতিফলন দৃশ্যমান হয়নি বলে স্থানীয়দের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পনব কান্তি দত্ত জানান, বরাদ্দ অনুযায়ী মাঠ ভরাটের কাজ হয়নি। আমরা চাই কাজটি নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন হোক। যাতে শিক্ষার্থীরা নিরাপদে খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করছি।

চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন জানান, বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ চলমান রয়েছে। তবে দীর্ঘদিন যাবত প্রকল্পের কাজ বন্ধ থাকার কারণ জানতে চাইলে বিষয়টি কৌশলে এড়িয়ে যান তিনি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, বিদ্যালয়ের মাঠ ভরাট কাজে অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া চরম্বা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগও রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপাটাতন ভাঙা সেতুতে চলাচলে কষ্ট, সড়কে ডাকাতের ভয়