লোহাগাড়ায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

বাঁশখালীতে ডুবল ১ বছরের শিশু

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল আরিফ আলিফা () নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে লোহাগাড়া চরম্বা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইজবিলা দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু আলিফা একই এলাকার প্রবাসী আরিফ উদ্দিনের মেয়ে ও মাইজবিলা রহমানিয়া মহিলা দাখিল মাদ্‌রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলিফা বাড়ির পাশে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে আসার পথে হাতমুখ ধোয়ার জন্য পুকুরের ঘাটে নামে। এ সময় ঘাট থেকে পা পিছলে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। একপর্যায়ে স্থানীয়রা তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, আলিফা নামে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলায় পুকুরে পড়ে জাকিয়া তাবাচ্ছুম () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার শেখেরখীল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া তাবাচ্ছুম শেখেরখীল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাব্বত আলীপাড়ার মাওলানা জসিম উদ্দিনের একমাত্র কন্যা। জানা গেছে, বিকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় তাবাচ্ছুম। খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে উপজেলার চাম্বল এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধতিন ইভেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম, বালিকাদের ফুটবলে খাগড়াছড়ি
পরবর্তী নিবন্ধমুশফিকের শতরানে হুঙ্কার, পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ