রোববারের মধ্যে শাটল সংস্কারে ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের

বেঁধে দেওয়া সময়ে সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

চবি প্রতিনিধি | শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন বৃদ্ধি ও বিকল্প রুট নির্মাণসহ ১১ দফা দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আগামী রোববার দুপুর ১২টার মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘শাটল ট্রেন সংস্কার আন্দোলনের’ ব্যানারে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এই আলটিমেটাম দেওয়া হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে ‘বাপদাদার আমলের বগি পরিবর্তন করো’, ‘ছাত্র মরে গরমে, ভিসি থাকে আরামে’ ও ‘শাটলের নিরাপত্তা নিশ্চিত করো’এমন নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। শিক্ষার্থীদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে শাটল ট্রেনের সংখ্যা ও কোচ বৃদ্ধি, বিকল্প রুট নির্মাণ, ট্রেনের গতি বাড়ানো, নির্দিষ্ট সময়সূচি বজায় রাখা, নিরাপত্তা জোরদার, বগি সংস্কার এবং স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন। কর্মসূচিতে চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে শাটলের নানা সমস্যার কথা প্রশাসনকে জানিয়ে আসছি। কিন্তু আলোচনার মাধ্যমে কোনো সমাধান না আসায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আগামী রোববারের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক মোস্তফা জামাল ছিলেন নিরহংকারী ও মানবতাবাদী মানুষ
পরবর্তী নিবন্ধসাহিত্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ‘স্বাধীনতা স্মারক সম্মাননা পদক-২০২৬’ পেলেন যারা