সাহিত্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ‘স্বাধীনতা স্মারক সম্মাননা পদক-২০২৬’ পেলেন যারা

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রবর্তিত স্বাধীনতা স্মারক সম্মাননা পদক২০২৬ জয়ী পাঁচ গুণী সাহিত্যিককে অভিনন্দন। পদকজয়ী সাহিত্যিকরা হলেন গীতিকবি ড. আবদুল্লাহ আল মামুন, শিশুসাহিত্যিক সৈয়দ খালেদুল আনোয়ার, প্রাবন্ধিক ও গবেষক হারুন রশীদ, কবি শাহিদ হাসান এবং কথাসাহিত্যিক জাহেদ মোতালেব।

বাংলা গানের ইতিহাসে এমন কিছু গান আছে যেগুলো হয়ে ওঠে কালজয়ী। আশির দশকের তেমনই কয়েকটি কালজয়ী গান ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ বা ‘এই মুখরিত জীবনের চলার বাঁকে’। তুমল শ্রোতাপ্রিয় এই গানগুলোর রচয়িতা ড. আবদুল্ল্লাহ আল মামুন। গীতিকবিতায় তাঁর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তিনি সিটি কর্পোরেশন প্রবর্তিত স্বাধীনতা স্মারক সম্মাননা পদক২০২৬ পেলেন। পেশাগত জীবনে প্রকৌশলী এই গীতিকবি লেখালেখির জগতে পা রাখেন কবিতা লেখার মাধ্যমে। যদিও হাতে গোনা কয়েকটি গান প্রকাশিত হয়েছিল। বাংলা ব্যান্ডের স্বর্ণযুগে তাঁর গান কণ্ঠে নিয়েছিলেন নকিব খান, তপন চৌধুরী, কুমার বিশ্বজিতের মতো শিল্পীরা। তাঁর লেখা আরও কয়েকটি জনপ্রিয় গান ‘ভুলে গেছ তুমি’ [ব্যান্ড : সোলস, অ্যালবাম : সুপার সোলস/ ১৯৮২], ‘ছোট্ট বেলার সাথি’ [ব্যান্ড : রেনেসাঁ, অ্যালবাম : রেনেসাঁ/১৯৮৮], ‘আমার যা কিছু আছে’ [ব্যান্ড : রেনেসাঁ, অ্যালবাম : তৃতীয় বিশ্ব/ ১৯৯৩]

সত্তর দশকে রোকনুজ্জামান খান দাদাভাই সম্পাদিত দৈনিক ইত্তেফাকের কচিকাঁচার আসরে লেখা প্রকাশের মধ্যদিয়ে ছড়াকার হিসেবে আত্মপ্রকাশ করেন শিশুসাহিত্যিক সৈয়দ খালেদুল আনোয়ার। শিশুসাহিত্যে তাঁর নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তিনি ‘স্বাধীনতা স্মারক সম্মাননা পদক পেলেন। তাঁর প্রথম প্রকাশিত বই ‘সোনা রোদের হাসি’ [১৯৮৯], ‘স্মৃতি আঁকা চিঠি’ [২০০৯], অসঙ্গতির ছড়া [২০০৯], ‘প্রীতির জামা’ [২০২০], মনের ছবি [২০২০] ইত্যাদি। এছাড়া সম্পাদনা করেছেন সাহিত্যপত্র মুকুর, শিশুসাথী, হাতেখড়ি, ধরবো চেপে টুঁটি, আনন্দের ঝর্ণাধারা। ইতোপূর্বে পেয়েছেন কথন শিশুসাহিত্য পুরস্কার [২০১২] এবং বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পদক [২০১৮]

প্রাবন্ধিক ও গবেষক হারুন রশীদ চট্টগ্রামের ইতিহাস বিষয়ক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের রচয়িতা। পেশায় আন্তর্জাতিক বাণিজ্য পরামর্শক হলেও ইতিহাস বিষয়ক দুর্মর আগ্রহ থেকে তার সাহিত্য জগতে পদার্পণ। লেখালেখি করে থাকেন ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন সভ্যতা নিয়ে। প্রবন্ধ ও গবেষণায় তাঁর নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তিনি স্বাধীনতা স্মারক সম্মাননা পদক পেলেন। তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড ম্যানেজমেন্ট [২০১০], শব্দঘর নির্বাচিত বর্ষসেরা বই ‘উপনিবেশ চট্টগ্রাম’ [২০২১], সিক্রেট জার্নি অফ শরচ্চন্দ্র দাস [২০২২], গ্লোবাল ট্রেড অরবিট [২০২৩], থাংলিয়ানা [২০২৪], শরচ্চন্দ্র দাস : নিষিদ্ধ তিব্বতে প্রথম বাঙালি [২০২৪], স্ক্যান্ডাল অব দ্য সেঞ্চুরিসাংবাদিক মার্কেজের বিচিত্র অভিজ্ঞতার সংকলন [২০২৫], চিৎতৌৎগংচেনা চট্টগ্রামের অচেনা ইতিহাস [২০২৫], বিলেতে প্রথম বাঙালি বণিক শেখ দীন মোহাম্মদ [২০২৫], রাজকীয় জলদস্যু বণিক সমিতি : রানী প্রথম এলিজাবেথের দুঃসাহসিক সমুদ্র অভিযান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান (১৫৭৭১৭৫৭) [২০২৬], সমুদ্র পথে গ্রিস থেকে বাংলায় : পৃথিবীর প্রাচীনতম ভ্রমণপঞ্জি [২০২৬], ইতিহাসভিত্তিক উপন্যাস ‘টাইগারপাস’ [২০২৬]

শাহিদ হাসান একাধারে কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক ও অনুবাদক। পেশায় সাংবাদিক। তবে এবারের স্বাধীনতা স্মারক সম্মাননা পদক পেয়েছেন কবি হিসেবে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হলো অনার্যের ঐকিক বেদনা [২০১৬], মুদ্রিত বিনম্র মুদ্রা [২০১৭], শিরায় শিরায় অনুনাদ [২০২৩], সময়ের রোদে ভেড়া শাহ [২০২৪] এবং সব ভুল শাহিদের [২০২৫]। এছাড়া গল্পগ্রন্থ নুর আহমেদের সুগার নিল্‌ [২০২০] এবং সময় ও রহমান সাহেব [২০২১]। লিখেছেন উপন্যাস গনি ও উত্তর প্রজন্ম [২০২১], পিতা বনাম পুত্র [২০২৩], ওরফে আবু দাউদ [২০২৪] এবং তদন্ত স্থগিত [২০২৬]। রয়েছে প্রবন্ধগ্রন্থ কালের আলোর সাহিত্য ও সংস্কৃতি [২০২১], প্রযুক্তিকালে লেখকের দৃষ্টিভঙ্গি [২০২৩] এবং বিষাদসিন্ধুর পুনর্পাঠ ও অন্যান্য (২০২৬)

কথাসাহিত্যিক ও দৈনিক আজাদীর সিনিয়র সহসম্পাদক জাহেদ মোতালেব চট্টগ্রামের সাহিত্য অঙ্গনের প্রিয়মুখ। দুই দশক ধরে তিনি যুক্ত আছেন লেখালেখির জগতে। কথাসাহিত্যে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তিনি কথাসাহিত্যে সিটি কর্পোরেশনের স্বাধীনতা স্মারক সম্মাননা পদক পেয়েছেন। জাহেদ মোতালেবের প্রকাশিত গল্পগ্রন্থের মধ্যে রয়েছে খেলাবুড়া [২০১১], লাল পা [২০১৩], বিকেল অথবা বাঘের গল্প [অণুগল্প, ২০১৫] ও মারিয়া পালমা [২০২১]। রয়েছে উপন্যাস রক্তরেখা [২০১৭], অন্যজন [২০১৮], ধানশি [২০২০], জয়নালের ইতালিযাত্রা [২০২৪] ও মানুষখানা [২০২৬]। গদ্যগ্রন্থ চালতা পোড়া গদ্য [২০২২] ও তোমায় বড় ভালোবাসি [২০২৩]। এছাড়া শিশুকিশোর সাহিত্য লা লা পা পা [২০০৯], মুড়ি বুড়ি [২০১৪], বক মানুষের দেশে [২০১৭], রামানুষ, স্বাধীন চাচু এবং গুপ্তধন সিরিজের বই গুপ্তধন, পোকা বিজ্ঞানী, জগদীশচন্দ্রের গুহায়, আশ্চর্য এক রোবট ইত্যাদি।

গ্রন্থনা : সাহিত্য সাপ্তাহিকী ডেস্ক

পূর্ববর্তী নিবন্ধরোববারের মধ্যে শাটল সংস্কারে ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
পরবর্তী নিবন্ধস্বাধীনতা বইমেলা ২০২৬ পাঠ ও সংস্কৃতির প্রাণোচ্ছ্বাস