রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং সকল উপকমিটির অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুলাই ২০২৬ খ্রি. শনিবার বিকেল ৪টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব-এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরসেদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব-এর সম্মানিত প্রেসিডেন্ট ড. আলী আফজাল। এর আগে বিকেল ৩টায় রিহ্যাব প্রেসিডেন্ট চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাথে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন।
সভার প্রধান অতিথি ড. আলী আফজাল দেশের উন্নয়ন ও রিহ্যাব-এর স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের অন্যতম মৌলিক চাহিদা হচ্ছে বাসস্থান এবং রিহ্যাব সদস্যরা তা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আবাসন খাতকে এগিয়ে নিতে তিনি সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা, পিডিবি ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পরামর্শ দেন।
সভায় স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান রিহ্যাব-এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরসেদুল হাসান। সূচনা বক্তব্য রাখেন রিহ্যাব-এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ জনাবা সারিস্ত বিনতে নুর। ধন্যবাদ জ্ঞাপন করেন রিহ্যাব-এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী।
চট্টগ্রাম রিজিয়নের কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত ১০টি উপকমিটির দায়িত্ব ও কার্যাবলি সভায় উপস্থাপন করেন কো-চেয়ারম্যান-১ জনাবা সারিস্ত বিনতে নুর এবং কো-চেয়ারম্যান-২ জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী। এ সময় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত উপদেষ্টামণ্ডলী ও সকল উপকমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন প্রেসিডেন্ট ড. আলী আফজাল।
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জনাব সৈয়দ ইরফানুল আলম ও জনাব আশীষ রায় চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব-এর ভাইস প্রেসিডেন্ট-২ জনাব আবু খালিদ মোঃ বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ জনাব এ এফ এম ওবায়দুল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ড. হারুন অর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দীন, জনাব হৃষিকেশ চৌধুরী ও জনাব নূর মোহাম্মদ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত উপদেষ্টা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুল কৈয়ূম চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেনসহ সকল উপকমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।












