চট্টগ্রাম সমিতি-ঢাকার গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

| রবিবার , ১৮ অক্টোবর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মহান স্বাধীনতা পদক, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বৃহত্তর চট্টগ্রাম জেলার বিভিন্ন গুণীজনদের সংবর্ধনা এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে চট্টগ্রাম সমিতি–ঢাকা।

গতকাল শনিবার রাজধানীর তোপখানা রোডে সমিতির নিজস্ব ভবন মিলনায়তনে এ গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ হাবিবুল গণি। চট্টগ্রাম সমিতি–ঢাকার সভাপতি ইমিরেটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, হাসপাতাল কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনের সহ–সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ও সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী, প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, নাছির উদ্দিন, ইঞ্জিনিয়ার জাহেদ মুরাদসহ সংবর্ধনাপ্রাপ্ত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে গুণীজন ও তাঁদের প্রতিনিধিদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়। গুণীজনরা হলেন, ২০২৫ ও ২০২৬ সালে মহান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মরহুম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম ও মরহুমা নভেরা আহমেদ। ২০২৫ ও ২০২৬ সালে একুশে পদকপ্রাপ্ত মরহুম আইয়ুব বাচ্চু, স্বর্গীয় ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

এছাড়া অনুষ্ঠানে ২০২৩–২০২৪ ও ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত মোট ৩৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে চেক প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাজে ব্যাটিংয়ে হারল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবার্জার নিয়ে এলো নতুন ‘উডকিপার প্রো’