রাষ্ট্রদ্রোহের মামলায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর পর ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান।

এর আগে রাকিবুল হাসানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক এ বি এম আব্দুল্লাহ খালেদ সাকিব তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাত পৌনে ৯টার দিকে রাকিবুলকে আদালতে হাজির করা হয়। এ সময় তার মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট এবং হাতে হাতকড়া ছিল। কাঠগড়ায় নেওয়ার পর হাতকড়া বাদে সবকিছু খুলে ফেলা হয়। তার রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে এ আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তিনিসহ অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজসে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট, সরকার পতনের ষড়যন্ত্র এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ, সরকারের প্রশাসনিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও বাহিনী সম্পর্কে অবজ্ঞা, বিদ্বেষ, ঘৃণা পোষণ করেছেন। তারা উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেন। পরে আদালত শুনানি নিয়ে রাকিবুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র–জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। ওসির অডিও ছড়িয়ে পড়লে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। এরপর কমিটির সদস্যরা তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে। পরে তার বিরুদ্ধে একই থানার ইন্সপেক্টর সুব্রত দেবনাথ মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পূর্ববর্তী নিবন্ধনত হবে না ইরান, পারমাণবিক কর্মসূচিও ছাড়বে না
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে বসছে তিনদিনের পর্যটন উৎসব