লোহাগাড়ায় রাতের আঁধারে একদল দুর্বৃত্ত মালামালসহ তিনটি দোকান তুলে নিয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের খাঁনহাট বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন আবুল কালামের মোবাইলের দোকান, জাহাঙ্গীর আলমের চায়ের দোকান এবং ওসমান গণির পানের দোকান। এতে তাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন।
ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। গতকাল শনিবার সকালে এসে দেখেন দোকানের কোনো অস্তিত্ব নেই। মালামালসহ পুরো দোকানটাই তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তার পাশের কালামের মোবাইলের দোকান এবং ওসমানের পানের দোকানও মালামালসহ একইভাবে তুলে নিয়ে গেছে। তাদের দীর্ঘদিনের ব্যবসা এক রাতেই শেষ হয়ে গেছে।
দোকানের মালিক মোহাম্মদ মহসিন জানান, পৈত্রিক জায়গায় প্রায় ৩০ বছর ধরে দোকান করে ভাড়া দিয়ে আসছেন তিনি। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা তিনটি দোকানই তুলে নিয়ে গেছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় নিলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।












