রাঙ্গুনিয়ায় কৃষি জমি রক্ষা ও অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ১২ ঘণ্টার ব্যবধানে উপজেলার পৃথক দুটি স্থানে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা এবং মাটি কাটার যন্ত্র (এক্সকেভেটর) জব্দ করা হয়েছে।
গত রোববার সকালে উপজেলার সৈয়দবাড়ি এলাকার কাপ্তাই সড়কের পাশে কৃষি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যথাযথ অনুমতি ছাড়া কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে স্থাপনা নির্মাণের অভিযোগে একটি ভবনের দ্বিতীয় তলার দেয়াল ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে পাশের একটি পোল্ট্রি ফার্ম সম্পূর্ণ অপসারণ করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট তিন ব্যক্তিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া পার্শ্ববর্তী আরও একটি স্থাপনার মালিককেও একই পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।
এর আগে দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলি এলাকায় অবৈধভাবে পাহাড় ও আবাদি জমির মাটি কাটার বিরুদ্ধে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি দল নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছালে পাহাড় কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়। তবে অবৈধ কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর জব্দ করে সেটির ব্যাটারি নিয়ে আসা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বলেন, কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে স্থাপনা নির্মাণ কিংবা অবৈধভাবে পাহাড় ও মাটি কাটার কোনো সুযোগ নেই। পরিবেশ রক্ষা এবং সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














