যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর লারেডোতে ট্রেনের এক ওয়াগন থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লারেডো পুলিশের তদন্তকারী জো বায়েজা জানিয়েছেন, রোববার রেলরোড কোম্পানি ইউনিয়ন প্যাসিফিকের এক কর্মী মেক্সিকো সীমান্তের প্রত্যন্ত এলাকায় অবস্থিত একটি রেলওয়ে ইয়ার্ডে থাকা এক ওয়াগনে মৃতদেহগুলো দেখতে পান। খবর বিডিনিউজের।
পরে পুলিশ ও দমকল কর্মীরা এসে তাদের মৃত হিসেবে শনাক্ত করে। বায়েজা জানিয়েছেন, কীভাবে তাদের মৃত্যু হয়েছে পুলিশ তা নির্ধারণ করতে পারেনি, তদন্ত চলছে। ছয়জনের সবাইকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এই ব্যক্তিরা কোথা থেকে এসেছেন বা তাদের পরিচয় কী, এসব বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি।রয়টার্স জানিয়েছে, এর আগেও যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে কাছে ট্রেনে ও ট্যাক্টর ট্রেইলারে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব মৃতের বেশিরভাগই ছিল অভিবাসন প্রত্যাশী। ২০২২ সালে টেক্সাসের মেক্সিকো সীমান্তের নিকটবর্তী শহর সান আন্তোনিওর প্রান্তে একটি পরিত্যাক্ত কভার্ড ভ্যান থেকে ৫৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। ভ্যানটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সঠিকভাবে কাজ না করায় চোরাপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা এসব অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়।














