দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাইফুলকে (২৭) নগরীর বাকলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। সাইফুল রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ধলিয়া মুসলিম পাড়ার মো. ছাবেরের ছেলে।
র্যাব–৭ জানিয়েছে, ভুক্তভোগী তরুণীর পরিবার ছাগল পালন করে। গত ২৪ মে বিকেলে প্রতিদিনের মতো ছাগল আনতে বাড়ির কাছের একটি এলাকায় গেলে অভিযুক্ত বাদশা মিয়া তাকে জোরপূর্বক নির্জন জঙ্গলে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে অন্য সহযোগীদের ডেকে এনে তাকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া তরুণী পাঁচদিন পর তার মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৩০ মে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাব–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সাইফুল নগরীর বাকলিয়া এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় বাকলিয়া থানার তুলাতলী হাফেজ নগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে বাকলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।











