রাঙামাটির বাঘাইছড়ি ও কাউখালী উপজেলায় তিন দিনে অভিযান চালিয়ে অনুমোদনহীন ছয়টি ইটভাটার কার্যক্রম বন্ধ করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। গত রোববার ও মঙ্গলবার পৃথক অভিযানে এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার কাউখালী উপজেলার ডাকবাংলো ও ডাকঘর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উচ্চ আদালতেরি রিট ১২০৪/২২ ও ১৩৭০৫/২২ এর আদেশ মোতাবেক মেসার্স এমএনএম ব্রিকস; মেসার্স এসবিডব্লিউ ব্রিকস ও মেসার্স এবিএম ব্রিকসের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
পরিবেশ অধিদপ্তর আরও জানিয়েছে, রোববার বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি এলাকায় নতুন একটি ইটভাটা নির্মাণ কাজ করায় মেসার্স অলিভ ব্রিকসের মালিক বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অলিভ চাকমা ও মো. কামরুজ্জামান নামে দুজনকে আসামি করে পরিবেশ অধিদপ্তর কর্তৃক মামলা দায়ের করা হয়। এছাড়াও বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত মেসার্স এমএমসি ব্রিকস, মেসার্স কেবিসি ব্রিকস ও মেসার্স ফাইফ স্টার ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। ইটভাটাসমূহকে কার্যক্রম বন্ধ রাখার জন্য নোটিশ করা হয়। অবৈধ ইটভাটা বন্ধে জেলার সকল উপজেলায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম বলেন, ছয়টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। এছাড়া একটি ইটভাটা প্রস্তুতের কাজ শুরু করায় দুজনের নামে মামলা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।












