রাউজানে মাটি কাটার বিরোধ নিয়ে দুই গ্রুপের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি ডাম্প ট্রাক ও একটি মাটি খনন যন্ত্র (এক্সকেভেটর) পুড়িয়ে দেয়া হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন এক্সকেভেটরের চালক। গত বৃহস্পতিবার গভীর রাতে কদলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্যম কদলপুর শমসের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, রাউজানের বিভিন্ন স্থানে মাটির কাটার আধিপত্য বিস্তার নিয়ে গত দেড় বছরে অন্তত ১৭ জন খুন হয়েছে। আহত হয়েছে অনেকেই। গতকাল সর্বশেষ ঘটনায় গুলিবিদ্ধ চালকের নাম মোহাম্মদ ফরহাদ আলম (২৩)। তার পায়ে গুলি লেগেছে বলে সূত্র জানিয়েছে। দুই পক্ষের গোলাগুলি চলে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত।
সূত্র মতে, সম্প্রতি কিছুদিন মাটি কাটা বন্ধ থাকলেও উপজেলার বিভিন্নস্থানে আবার পুরোদমে কৃষিজমি, পাহাড় কাটা শুরু হয়েছে। যারা মাটি ব্যবসার সাথে জড়িত তারা প্রায় সকলেই বিএনপি ও যুবদলের রাজনীতির সাথে জড়িত।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ পাঠিয়েছি। দুইটি গাড়ি পুড়ে দেওয়ার কথা শুনছি। দুপক্ষের হাতাহাতি হওয়ার সংবাদ জানা গেলেও কোনো গোলাগুলির ঘটনার তথ্য নেই।














