রাউজানে সিএনজি টেক্সিতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মাসুদ রানা বাবু (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুদ রানা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার আহমেদ হোসেনের বাড়ির মো. জাকারিয়া ওরফে কালুর ছেলে। পুলিশ জানায়, রোববার বিকেলে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার বাছাইয়ের দোকান মোড়ে তল্লাশিচৌকি বসায় পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর সময় একটি টেক্সিতে থাকা মাসুদ রানাকে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। পরে টেক্সিটি জব্দ করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার মামলা রুজুর পর মাসুদ রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









