যার যায় সেই শুধু জানে

পুষ্পিতা সেন | বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চোখ বোজে একে একে..

এসেছিল ওরা মুঠো ভর্তি বর্ণিল যত

স্বপ্নের কৌটো নিয়ে,

খুললো না সে মুঠো

ফিরল বিফল হয়ে

মুঠোর যত অস্ফুট সাধ রেখে।

ক্ষণিক আয়’ বলছে তা কিছু লোক

ওরা যে ব্যর্থ, আয়েশে গুটানো হাত

ছড়িয়ে দিলো মৃত্যু শিশুর দেহে

পরিয়ে দিলো মায়ের গলায় পুত্রহারার শোক।

নিছক খেলা জীবন মৃত্যু দুইয়ে!

কে ভাবে অত, কতটা ক্ষত জমেছিল দিনে দিনে

১১ বছর সাধনার ঘরে জন্ম

কী করে পারছে অন্ধকার ঐ ঘরটিতে দিতে শুইয়ে!

কেউ কি নেবে এই মৃত্যুর দায়!

কেউ কি পারবে ভরাতে শূন্য স্থান

যে মা পেরোলো গর্ভধারণ সীমা

কীভাবে বুনবে গর্ভ,

কীভাবে গড়বে আবার সেখানে একটি নতুন প্রাণ!

যার যাচ্ছে সেই শুধু জানে,

অন্যেরা বোঝে না শূন্যতার এই মানে

জানবে না ওরা কতটা আগুন দাহে

দগদগে ঘা পোড়া দাগের স্থানে।

পূর্ববর্তী নিবন্ধআমি নেই কোথাও
পরবর্তী নিবন্ধঅনুভূতি