মোটরসাইকেলে ডাম্পারের ধাক্কা, নিহত দুই যুবক

টেকনাফের হোয়াইক্যং

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

কক্সবাজারটেকনাফ সড়কে বেপরোয়া গতির বালুবাহী ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী যুবক নিহত হয়েছেন। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনার পর ডাম্পার নিয়ে পালিয়ে গেছেন চালক। গতকাল বুধবার সকাল ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গিলাতলী থেকে মোটরসাইকেলে করে পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন রুবেল ও আরমান। এ সময় টেকনাফমুখী বেপরোয়া গতির একটি বালুবাহী ডাম্পার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য কামাল উদ্দিনের বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি বলেন, ঘটনার পর ডাম্পার নিয়ে চালক পালিয়ে গেছেন। তাকে আটক করা সম্ভব হয়নি। ডাম্পারটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধচাকরি গেল বিপ্লবসহ ৬ পুলিশ কর্মকর্তার
পরবর্তী নিবন্ধকক্সবাজার আদালত চত্বরে গোলাগুলির মামলায় বিএনপি নেতা কারাগারে