মুম্বাই মেট্রোতে চাকরি পেল বিড়াল!

| মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের একটি আদা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার কাণ্ড। দীর্ঘদিন ধরে স্টেশনে ঘোরাফেরা করা বিড়ালটিকে চাকরি দেওয়ার দাবি তুলেছিলেন এক যাত্রী। সেই রসিকতায় সাড়া দিয়ে মেট্রো কর্তৃপক্ষও বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে চিফ ফেলাইন অফিসার বা প্রধান বিড়াল কর্মকর্তা পদ দিয়েছে। খবর বাংলানিউজের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই কমলালাল রঙের বিড়ালটি দীর্ঘদিন ধরে যাত্রীদের পরিচিত মুখ। সমপ্রতি এক যাত্রী বিড়ালটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডকে (এমএমএমওসিএল) ট্যাগ করে মজার ছলে তাকে একটি সরকারি পদ দেওয়ার অনুরোধ জানান। সন্দেশ সামন্ত নামের ওই যাত্রী লিখেছিলেন, ‘প্রিয় মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেড, গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই নিষ্পাপ প্রাণটিকে একটি সরকারি পদ দিন। আপাতত এটি বিনা বেতনে কাজ করছে। যাত্রীর এই পোস্টে সাড়া দিয়ে বিষয়টিকে হাস্যরসের সঙ্গে গ্রহণ করে এমএমএমওসিএল। তারা বিড়ালটিকে চিফ ফেলাইন অফিসার বা প্রধান বিড়াল কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেয়। মেট্রো কর্তৃপক্ষ জানায়, বিড়ালটির দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন পরিদর্শন, যাত্রীদের পর্যবেক্ষণ করা এবং এমন জায়গায় বসে থাকা, যেখানে সবাই তাকে দেখতে পারেন। কর্তৃপক্ষের ভাষায়, এখন পর্যন্ত তার কর্মদক্ষতা একেবারেই নিখুঁত। মেট্রো কর্তৃপক্ষের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। একজন মন্তব্য করেন, প্রতিদিন সকালে গুণ্ডাওয়ালি স্টেশনে তিনি বিড়ালটিকেই খোঁজেন। আরেকজন মজা করে বিড়ালটিকে প্রধান ইঁদুর শিকারি পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩
পরবর্তী নিবন্ধতিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাডুবি, ১১ মৃতদেহ উদ্ধার