সৌদি আরবের রিয়াদে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনার পর ঢাকা থেকে আরও ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গতকাল রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এর আগে শনিবার ঢাকা থেকে সৌদিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছিল। ৮টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হওয়ায় ২ হাজার ৯৫১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত যাত্রীদের কেউ বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার কথা ছিল, আবার কেউ সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার কথা ছিল। বিঘ্নিত হওয়া ৮টি ফ্লাইটের মধ্যে ২টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ১টি ইউএস–বাংলা এয়ারলাইন্স, ৩টি সৌদিয়া এয়ারলাইন্স এবং ২টি রিয়াদ এয়ারওয়েজের। খবর বিডিনিউজ ও বাসসের।
এদিকে সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল ভিন্ন আরেক বার্তায় বেবিচক জানিয়েছে, রোববার দিবাগত রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। তাতে বাতিল ফ্লাইটের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবারের ওই হামলায় এখন পর্যন্ত দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা তিন শতাধিক। হুতিরা এ বছরের গ্রীষ্মে সৌদি আরবের বিরুদ্ধে যে হামলা শুরু করেছে, তারই অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি, চারজন সৌদি নাগরিক এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।












