মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নে দীঘি থেকে সেচের পানি তোলার জন্য বৈদ্যুতিক মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ হোসেন হৃদয় (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের তেলেঙ্গা দীঘির পাড়ে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই এলাকার মৃত নুরুল আবছারের ছেলে। তিনি পেশায় একজন ধান মাড়াইয়ের মেশিন চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তেলেঙ্গা দীঘি থেকে পানি তোলার জন্য একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করতে যান হৃদয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীঘিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই যুবককে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।














