মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, থানার তদন্ত কর্মকর্তা আওলাদ হোসেন, মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, পরিসংখ্যান কর্মকর্তা সাকিলা জান্নাত, আনোয়ারুল হক নিজামী প্রমুখ। বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নজরুলের সৃষ্টিশীলতা ও মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষে মীরসরাই শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।











