চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী বলেছেন, বিজিএমইএ পোশাকশিল্প খাতে আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখে। প্রযুক্তি জ্ঞান, দক্ষতা, নতুন নতুন মেশিনারি প্রযুক্তি উদ্ভাবনী কৌশল ও সৃজনশীল চিন্তা ইত্যাদি প্রয়োগের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দেশের পোশাক ও টেক্সটাইল শিল্পকে এগিয়ে নিবে।
তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি উন্নত চরিত্র, নৈতিক মূল্যবোধ ও মানবিক আচরণ ও কঠোর নিয়মানুবর্তিতা অনুশীলনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা যেন পেশাগত জীবনে সফল হতে পারে এবং এর মাধ্যমে সুনাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে তাদের যত্নবান ও দায়িত্বশীল হতে হবে। তিনি গতকাল শনিবার সিবিইউএফটি হলরুমে সিবিইউএফটি’র সামার সেমিস্টার–২০২৬’র শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে নাসিরউদ্দিন এসব কথা বলেন।
সভাপতির বক্ত্যব্যে উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম বলেন, একটি স্পষ্ট ও উদ্দেশ্যপূর্ণ লক্ষ্য নিয়ে পোশাক, টেক্সটাইল ও ফ্যাশন খাতের জন্য দক্ষ, যোগ্য এবং শিল্পের জন্য প্রস্তুত পেশাদার তৈরি করা আমাদের অঙ্গীকার। বৈশ্বিক বাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। ক্রেতারা এখন উচ্চতর মান, বৃহত্তর টেকসইতা দ্রুততর সাড়া এবং নৈতিক মানদন্ডের ব্যাপারে সর্ব্বোচ্চ সচেতন। পরিবেশগত দ্বায়িত্ব, সার্কুলার ইকোনমি, ডিজিটাল রূপান্তর, অটোমেশন ও পন্যের বহুমূখীকরণ এসব অপরিহার্য বিষয়গুলোতে শক্তিশালী ভূমিকা রাখার জন্য ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে আপনাদেরকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন ফ্যাশন এন্ড এ্যাপারেল ডিজাইন ফ্যাকাল্টির ডিন মশিউর রহমান ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইকিউএসির পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদা। এ উপলক্ষে সম্প্রতি চীনের উহান টেক্সটাইল ইউনিভার্সটিতে স্কলারশিপপ্রাপ্ত সিবিইউএফটির শিক্ষক পার্থ কুমার দে ও ছাত্র ফাহিম সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে চীনের উহান টেক্সটাইল ইউনিভার্সটিতে উচ্চতর ডিগ্রিতে অধ্যয়নরত ছাত্র আসিফ আল জামান শুভেচ্ছা বক্তব্য রাখেন। শিক্ষার্থী অর্পিতা মজুমদার ও ফাহিম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টরসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকমণ্ডলী এবং নতুন ভর্তিকৃত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












