ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে থানার সামনের চেকপোস্টে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার চালকের নাম মাশরাফ উদ্দিন রাহাত (২০)। তিনি ফেনী সদর এলাকার বাসিন্দা। উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের পেছনের বিছানার নিচ থেকে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান রাহাতের সহযোগী ও অন্য চালক রকিবুল ইসলাম সুজন।
পুলিশ জানায়, এ ঘটনায় দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।













