রাঙামাটিতে সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে “অনলাইন বাস টার্মিনাল (ওবিটি)” এবং সিএনজি থ্রি-হুইলার চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকাল সাড়ে ৩টায় রাঙামাটি লেকভিউ গার্ডেনে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলাপ্রশাসক নাজমা আশরাফী। এসময় রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক, সাধারণ মুহাম্মদ ইলিয়াসসহ রাজনৈতিক, মালিক ও চালক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘নো হেলমেট, নো রাইড’ লেখা সম্বলিত স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়েছে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, রাঙামাটি পার্বত্য জেলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা হওয়ায় প্রতিদিন স্থানীয় যাত্রীদের পাশাপাশি বিপুল সংখ্যক পর্যটকের এ জেলায় আগমন ঘটে। কিন্তু সমন্বিত ডিজিটাল ব্যবস্থাপনার অভাবে যানবাহন ও চালক পর্যবেক্ষণ, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণে দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জ বিদ্যমান ছিল। এ প্রেক্ষাপটে প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ একটি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় রাঙামাটি শহরে চলাচলরত সকল সিএনজি থ্রি-হুইলার ও চালকদের একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেস প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে জেলায় নিবন্ধিত ১ হাজার ৪১৬টি সিএনজি, থ্রি-হুইলার সহস্রাধিক চালকের তথ্য সংগ্রহ ও নিবন্ধন সম্পন্ন হয়েছে।
পুলিশ জানায়, নিবন্ধিত যানবাহনে কিউআর কোড সংবলিত ডিজিটাল স্টিকার সংযুক্ত করা হবে। যাত্রী ও পর্যটকরা কিউআর কোড স্ক্যান করে চালকের ছবি, নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। পাশাপাশি তারা পরিবহন সেবার মান সম্পর্কে রেটিং প্রদান করতে পারবেন এবং যানবাহনের গতি, চালকের আচরণ বা সেবার মান নিয়ে মতামত জানাতে পারবেন। যাত্রীদের রেটিংয়ের ভিত্তিতে চালকদের সামগ্রিক মূল্যায়ন নির্ধারিত হবে, যা ভবিষ্যৎ যাত্রীদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। একই সঙ্গে যাত্রীদের মতামত বিশ্লেষণের মাধ্যমে দক্ষ ও ঝুঁকিপূর্ণ চালকদের চিহ্নিত করা সম্ভব হবে। এর মাধ্যমে যাত্রী নিরাপত্তা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও পর্যটকবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পথ আরও সুদৃঢ় হবে।
অন্যদিকে “অনলাইন বাস টার্মিনাল (অবিটি)” ব্যবস্থার মাধ্যমে ট্যুরিস্ট ও যাত্রীবাহী বাসের তথ্য ব্যবস্থাপনা, যাত্রীসেবা উন্নয়ন এবং ডিজিটাল পার্কিং ব্যবস্থাপনার মাধ্যমে যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখা হবে। পর্যটন মৌসুমসহ সারা বছর রাঙামাটি শহরে আগত ট্যুরিস্ট বাসগুলো শহরে প্রবেশের পূর্বেই ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করবে। পাশাপাশি আগত পর্যটক ও বাস কর্তৃপক্ষকে ই-মেইল বা মোবাইল বার্তার মাধ্যমে নির্ধারিত পার্কিং সংক্রান্ত তথ্য ও নির্দেশনা প্রদান করা হবে। ইতোমধ্যে ট্যুরিস্ট বাসের ডিজিটাল পার্কিং ব্যবস্থাপনা চালুর ফলে বাস পরিচালনায় অধিকতর শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে, যত্রতত্র পার্কিং কমেছে এবং শহরের যানজট নিরসনে ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে। এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা বৃদ্ধি, যানজট ও অনিয়ম হ্রাস, যাত্রী হয়রানি কমানো এবং রাঙামাটি পার্বত্য জেলাকে একটি নিরাপদ, আধুনিক ও পর্যটনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।













