মীরসরাইয়ে নুসরাত জাহান রিয়া (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গত বুধবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই মো. মোজাম্মেল হোসেন রানা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রিয়ার স্বামী ফরহাদুল ইসলাম রিফাত, ননদসহ চারজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর ফরহাদুল ইসলাম রিফাতের (২০) সঙ্গে নুসরাত জাহান রিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ বিভিন্ন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এ নির্যাতনের একপর্যায়ে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ফরহাদুল ইসলাম রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্তে অন্য আসামিদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












