মিয়ানমারে পাচারের সময় পতেঙ্গায় ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ

কার্গো বোট জব্দ, আটক ২৩

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা উপকূলে পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের সময় প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা ডিএপি (ডাইঅ্যামোনিয়াম ফসফেট) সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারচক্রের ২৩ সদস্যকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও।

গতকাল শনিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার পতেঙ্গার কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।

পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে যায়।

পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা বা ২২ হাজার ৫০০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। জব্দ করা সারগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সার, কার্গো বোট এবং আটক ২৩ জনকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅভিবাসন প্রত্যাশীরা সেউতা থেকে ফিরে যাচ্ছে : স্পেন
পরবর্তী নিবন্ধবালিশে ১ হাজার ৯০০ ইয়াবা