অভিবাসন প্রত্যাশীরা সেউতা থেকে ফিরে যাচ্ছে : স্পেন

| রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

উত্তর আফ্রিকায় স্পেনীয় ছিটমহল সেউতায় সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীরা স্বেচ্ছায় ফিরে যাচ্ছে বলে জানিয়েছে স্পেন। বৃহস্পতিবার একদিনের মধ্যে ৫০ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী স্থল ও সমুদ্রপথে সীমান্ত অতিক্রম করে সেউতায় ঢুকে পড়েছিল, জানিয়েছে রয়টার্স। শুক্রবার স্প্যানিশ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সন্ধ্যা পর্যন্ত ৪৮ হাজারের বেশি মানুষ স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছে। খবর বিডিনিউজের।

স্পেনীয় সরকারের সেউতা প্রতিনিধি জানিয়েছেন, সীমান্তের স্পেনীয় পাশে ৫৭টি মৃতদেহ খুঁজে পাওয়া গেছে আর মরক্কোর পাশে আরও হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে। মৃতদের মধ্যে কিছু ডুবে আর বাকিরা সীমান্ত বেড়ার নিচে ঢেউপ্রতিরোধক বাঁধ বেয়ে উপরে ওঠার সময় হুড়োহুড়িতে পিষ্ট হয়ে মারা যায়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ৫০ হাজার মানুষ সীমান্ত অতিক্রম করে সেউতায় প্রবেশ করলেও শুক্রবার স্থানীয় সময় বিকাল ৬টার মধ্যে ৪৮ হাজার ৩০০ জন ফিরে যায়। সেউতার স্থানীয় সরকার প্রধান জুয়ান জেসুস ভিভাস জানিয়েছেন, গত কয়েকদিনে প্রায় ৬০ হাজারের মতো মানুষ সীমান্ত পার হয়ে ঢুকে পড়েছিল। মরক্কোর বাহিনীগুলো সেউতার প্রবেশ পথে লাঠিপেটা করে ও কাঁদুনে গ্যাস ছুড়ে স্পেনীয় ভূখণ্ডটিতে প্রবেশের চেষ্টারত লোকজনকে পেছনে হটিয়ে দেওয়ার চেষ্টা করে। রয়টার্স দেখেছে ছিটমহলটির সীমান্তে, দাঙ্গা দমনের সরঞ্জামে সজ্জিত মরক্কোর পুলিশ সীমান্ত বেঁড়ার কাছে জড়ো হওয়া কিছু লোককে ছত্রভঙ্গ করে দিতে কাঁদুনে গ্যাস ব্যবহার করছে। সেখানে জলকামানের গাড়ি মোতায়েন আছে আর একটি বাসি ও সাতটি গাড়ির পুড়ে যাওয়া অবশেষ পড়ে আছে। এখানে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধলোহিত সাগরে জাহাজে মাশুল বসানোর খবর উড়িয়ে দিল হুতিরা
পরবর্তী নিবন্ধমিয়ানমারে পাচারের সময় পতেঙ্গায় ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ