মায়ের সেবায় ওমান থেকে দেশে ফেরা, সড়কে সব শেষ

কর্ণফুলীতে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত চকরিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর, স্বামী-সন্তানসহ আহত ৪

আজাদী ডেস্ক | শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড, কর্ণফুলী ও চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে নিহত গৃহবধুর স্বামীসন্তানসহ আরো ৪ জন। গতকাল শুক্রবার সকালে ও দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

ফটিকছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, অসুস্থ মাকে দেখতে সমপ্রতি ওমান থেকে দেশে ফিরেছিলেন মো. রায়হান (২৫)। কিন্তু মায়ের কাছে আর ফেরা হলো না তার। সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। গতকাল জুমার নামাজের সময় সীতাকুণ্ডের গফুর শাহ জামে মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকার বাসিন্দা। তিনি দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা এক বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সীতাকুণ্ডে বেড়াতে গিয়েছিলেন রায়হান। গতকাল মোটরসাইকেলে ফটিকছড়ি ফেরার পথে জুমার নামাজের জন্য গফুর শাহ জামে মসজিদের দিকে যাওয়ার সময় তারা দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়হানের মামাতো বোন সাবরিনা বলেন, রায়হান তার অসুস্থ মাকে দেখভালের জন্যই দেশে এসেছিল। এখনো বিশ্বাস করতে পারছি না, সে আর আমাদের মাঝে নাই। খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।

এদিকে রায়হানের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বন্ধু ও স্বজনেরা শোক প্রকাশ করছেন। অসুস্থ মাকে দেখতে এসে ছেলের এমন মৃত্যুতে পুরো এলাকা স্তব্ধ।

কর্ণফুলী : কর্ণফুলী প্রতিনিধি জানান, উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সাদিকুজ্জামান সানি (১৪) নামে এক বাইসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিএবি সড়কের বড়উঠান রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। সানি বড়উঠান ৯ নং ওয়ার্ডের মৌলভী বাড়ি এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে। সে গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইসাইকেলে করে কোচিংয়ে যাচ্ছিল সানি। বড়উঠান রাস্তার মাথা এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (চট্টমেট্রোন ১১২৭২৪) তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা হারানো সানি দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বড় ভাই প্রতিবন্ধী এবং মা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম বলেন, পিকআপের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রামকঙবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের ধাক্কায় মায়াফুল তারজি (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বেলা ১১টার দিকে মহাসড়কের মালুমঘাট স্টেশনের দক্ষিণে ফাঁসিয়াখালী বন বিভাগ অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মায়াফুল মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের এস এম ইয়াছিন আরফাতের স্ত্রী। দুর্ঘটনায় ইয়াছিন আরফাত (৩৩), তার পাঁচ বছরের মেয়ে ইরতিজা আরফাত আদিবা, তিন বছরের ছেলে আরফাত আদিয়াত এবং সিএনজি টেঙির চালক গুরুতর আহত হয়েছেন। তারা সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে উখিয়া থেকে সিএনজি টেঙি যোগে দুই সন্তানসহ সপরিবার চকরিয়ার বাসায় ফিরছিলেন ইয়াছিন আরফাত। পথে চট্টগ্রাম থেকে কঙবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে তাদের টেঙিকে ধাক্কা দেয়। এতে টেঙিটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুবুর রহমান বলেন, বাসের ধাক্কায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। দুর্ঘটনার পরপরই বাস নিয়ে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান হারুন অর রশিদ সড়ক দুর্ঘটনায় ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপারকি সৈকত রক্ষায় ৫৪৮ কোটি টাকার প্রকল্প
পরবর্তী নিবন্ধহবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার যুবক