ফটিকছড়ি উপজেলার বিবিরহাটে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তাশফিক উদ্দিন কারিম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিবিরহাটের ‘হাসান টাওয়ার–১’ ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কারিম ওই এলাকার সৌদি আরব প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় কারিমের মা রান্নাঘরে দুপুরের কাজে ব্যস্ত ছিলেন। মায়ের অগোচরে শিশু কারিম কোনো এক সময় ভবনের ছাদে চলে যায়। ধারণা করা হচ্ছে, ছাদের কিনারে খেলার সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।
দীর্ঘক্ষণ কারিমকে না দেখে মা যখন তাকে খুঁজছিলেন, তখন ভবনের পাশে কারিমকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তারা চিৎকার শুরু করলে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। কারিমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
প্রবাসী বাবার ছোট ছেলের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কারিমের মায়ের আহাজারিতে হাসান টাওয়ারের আকাশ–বাতাস ভারী হয়ে উঠেছে। ঘটনার পর স্থানীয় জনতা ও আত্মীয়–স্বজনরা ওই ভবনের সামনে ভিড় করেন।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে এটি ছাদ থেকে পড়ে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে হচ্ছে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।













