জামায়াতপন্থী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের নির্বাচন বর্জনের ঘোষণা

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কমিশনের বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৮:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আগামী ২১ মে এর নির্বাচন বর্জন করেছে জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীদের সংগঠন ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’। নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গতকাল দুপুরে সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেওয়া হয়। একই সাথে আগামী ২ মাসের মধ্যে নতুন করে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করে গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজনের দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে একটি পক্ষকে সুবিধা দিতে কাজ করছে। এতে সমিতির দীর্ঘদিনের ঐতিহ্য ও গণতান্ত্রিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় প্রার্থীরা নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছেন। অনেককে কমিশন কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। তিনি বলেন, তফসিল অনুযায়ী গত ৫ মে বিকেল ৫টার মধ্যে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করা হয়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়। এছাড়াও নির্বাচন আয়োজন না করে আপসের মাধ্যমে নির্দিষ্ট প্রার্থীদের বিজয়ী ঘোষণা করার প্রস্তাবও দেওয়া হয়েছে। এতে রাজি না হওয়ায় প্রার্থীদের ওপর চাপ সৃষ্টি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অ্যাডভোকেট শামসুল আলম।

তিনি বলেন, প্রার্থীদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে হয়রানি করা হতে পারে। সার্বিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আসন্ন নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে তা বর্জনের ঘোষণা দেয় সংগঠনটি। অ্যাডভোকেট শামসুল আলম বলেন, সরকার দলীয় প্রার্থীকে বিনাভোটে বিজয়ী ঘোষণার জন্য নগ্ন হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন। এদের হাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যদের আমানত কোনভাবে নিরাপদ নয়। বর্তমানে গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, উৎসবমুখর নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় আমরা আইনজীবী ঐক্য পরিষদ, চট্টগ্রাম আসন্ন প্রহসনের নির্বাচন বর্জন করলাম।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন, ২০২৬ আয়োজনের লক্ষে গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে অ্যাডভোকেট রওশন আরা বেগমকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১ মে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী গত ৪ মে দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় ছিল।

পূর্ববর্তী নিবন্ধকিট সংকটে হাম শনাক্ত কম, হাসপাতালে বাড়ছে উপসর্গ নিয়ে আসা রোগী
পরবর্তী নিবন্ধমায়ের অগোচরে ছাদে চলে যায় শিশুটি, এরপর সব শেষ