দেশে গেল ২৪ ঘণ্টায় হাম ও এই রোগের উপসর্গ নিয়ে আরো ১২ জন শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল; বাকি আটজনের মধ্যে হামের উপসর্গ ছিল। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৫১ জন।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৪ জনের। এছাড়া হামের লক্ষণ নিয়ে মারা গেছে ৩৭৭ জন। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৫০ জন ঢাকায় মারা গেছে; আর ৭৮ জন রাজশাহী বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ জন হাম আক্রান্ত হয়েছে। এই সময়ে ১ হাজার ১৯২ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন; যাদের মধ্যে এক হাজার ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৪২২ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ৭ জন ভর্তি হয়েছে রংপুরে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন। এদের মধ্যে ৭ হাজার ৪২১ জনের হাম শনাক্ত হয়েছে।













