মানুষের কল্যাণে ব্যবহৃত জ্ঞানও উত্তম ইবাদত

আইআইইউসি’র ওরিয়েন্টেশনে চুয়েটের সাবেক উপাচার্য

| বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া বলেছেন, শুধু মসজিদে বসে থাকাই ইবাদত নয়, মানুষের কল্যাণে ব্যবহৃত জ্ঞানও ইবাদত। লেখাপড়া শেষ করে একজন প্রকৌশলী হয়ে যদি মানুষের জন্য নিরাপদ ভবন তৈরি করতে পারো, সেটিও মানুষের সেবা হবে। জীবনের প্রতিটি বৈধ কাজকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে পরিচালিত করা যায়। মেধা ও সময় হচ্ছে আমানত। এইআমানতের হিসাব দিতে হবে একদিন। তাই মেধাও সময়ের সদ্ব্যবহার করতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে, কেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। ভবিষ্যতে শুধু কি চাকরি পাওয়ার জন্য, মাস শেষে ভালো বেতন পাওয়ার জন্য? আমাদের মনে রাখতে হবে, এটা কখনো জীবনের চূড়ান্ত লক্ষ্য হতে পারে ন। জীবনে সফল হওয়া মানে শুধু ভালো একটি পদে পৌঁছানো বা অনেক অর্থ উপার্জন করা নয়। তোমাদের জ্ঞান, দক্ষতা ও মেধা যেন মানুষের উপকারে আসে। তোমরা ভবিষ্যতে যে পেশাতেই যাও না কেন, সেখানে সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

গতকাল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর শরৎকালীন সেমিস্টারে ভর্তি হওয়া নবীন ছাত্রদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য দেন, আইআইইউসির উপউপাচার্য ও আয়োজন কমিটির কনভেনার প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও আয়োজন কমিটির কোকনভেনার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল (অব.) মো. কাসেম, ব্যবসায় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. নেজামুল হক, সিসিই বিভাগের চেয়ারম্যান ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাজু আহমেদ ও প্রক্টর প্রফেসর মোস্তফা মনির চৌধুরী।

অধ্যাপক আহসান উল্লাহ বলেন, এই বিশ্ববিদ্যালয় জাতিকে সঠিক নির্দেশনা দেয়ার প্রজন্ম গড়ে তুলছে। জুলাই বিপ্লবের চেতনায় তরুণদের উজ্জীবীত হতে হবে। এই জীবন শেষ নয়, আরেক জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। শিক্ষিত মানুষরাই দুর্নীতি করছে। তাই নৈতিক শিক্ষার প্রয়োজন রয়েছে।

সভাপতির বক্তব্যে আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, সময় সামনের দিকে এগিয়ে যায়, সময়ের পেছনে থাকা যাবে না, সময়কে ধরতে হলে সময়ের আগে যেতে হবে। সময়কে কাজে লাগাতে হবে। সময়ের আগেই পরিকল্পনা নিয়ে নিতে হবে। সময় হচ্ছে বরফের টুকরো। সময়মতো কাজে না লাগালে বরফের মত গলে যাবে।

অনুষ্ঠানের নবীন ছাত্রদের শপথ পাঠ করান আইআইইউসির উপাচার্য। দ্বিতীয় অংশে অনুষ্ঠিত হয় বিভাগীয় ব্রিফিং সেশন। এতে ডিভিশন ও অফিসের কার্যক্রম সম্পর্কে নবীন ছাত্রদের অবহিত করা হয়। শুরুতে আইআইইউসির ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ভর্তি পরীক্ষায় নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত নবীন ছাত্র প্রতিনিধিদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নবীন ছাত্ররা অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা
পরবর্তী নিবন্ধএনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ কার্যক্রম অব্যাহত রাখার দাবি