মাদক সেবন দেখে ফেলায় শিশুকে বিষপানে হত্যাচেষ্টা

বাঁশখালীতে যুবক গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

বাঁশখালীর চাম্বলে মাদক সেবন দেখে ফেলায় এক শিশুকে কীটনাশক পান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জয়নগর পাড়ার একটি কবরস্থানের পাশের সড়কে এ ঘটনা ঘটে। ওই সময় ১০ বছর বয়সী এক শিশু স্থানীয় কয়েকজন যুবককে মাদক সেবন করতে দেখে প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা শিশুটিকে জোর করে ধরে রেখে কীটনাশক পান করায় বলে অভিযোগ উঠে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

এ ঘটনায় শিশুটির বাবা মোহাম্মদ ফারুক বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি মো. তারেককে (২২) পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেফতার আসামি চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বাঁশখালী থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরামুতে বিজিবি কোয়ার্টারে কর্মকর্তার মেয়ের ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধএটা শাহবাগ নয়, মিস্টার আবদুল্লাহ : হাসনাতকে স্পিকার