মাদক ও যানজট নির্মূলে সীতাকুণ্ডে ওসির হুঁশিয়ারি

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড বাজারে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা রক্ষাসহ এলাকাকে মাদকদমুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। এসব নিয়ম অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সীতাকুণ্ড পৌর সদরের সিকিউর সিটি চত্বরে এক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি এই সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, কাউকে অযথা গ্রেপ্তার করার উদ্দেশ্য আমাদের নেই। তবে মাদক ছেড়ে ভালো পথে ফিরে আসতে হবে। বাজারের যানজট নিয়ন্ত্রণে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। সমিতির উপদেষ্টা তৌহিদুল হক চৌধুরী বলেন, রাস্তার উভয় পাশে মোটরসাইকেল, সিএনজি টেক্সি ও ভ্যান এলোমেলোভাবে রাখার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। বারবার বলার পরও তা মানা হচ্ছে না। জনভোগান্তি কমাতে এখন থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অনুষ্ঠানে বক্তারা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেট রোধ এবং পৌর সদরকে ফুটপাতমুক্ত করার দাবি জানান। সমিতির সভাপতি মো. নাছির উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক আবদুল্লাহ আল ফারুক, ছাত্রদল নেতা মো. ইসমাইল সিরাজী, শ্রমিকদল নেতা মো. আলাউদ্দীন, আরিফ বিল্লাহ ও বাদশা মিয়াসহ অনেকে।

পূর্ববর্তী নিবন্ধ১১ জেলায় তাপপ্রবাহ, থাকবে ‘আরও কয়েকদিন’
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু