মহাকাল সমুদ্র

দেবাশীষ বড়ুয়া | বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

মহাকাল সমুদ্র, নীরব অথৈ জল,

তুমি কি গিলেছো আমার পূর্বজন্মের কোলাহল?

ঢেউয়ের বুকে খেলা করে স্মৃতি ও বিস্মৃতি,

কালচক্র ঘুরে ফিরে আঁকে দগ্ধ জীবনের নীতি।

তোমার তলদেশে কি ছিল আমার নাবলা গান?

ভেসে গেছে কি ছিন্ন ডানা, স্বপ্নহীন কোন প্রাণ?

তুমি কি জানো কত শত যন্ত্রণার উচ্ছ্বাস

পাথরের মতো ডুবে গেছে তোমার অতল আকাশ?

আকাশের তারা ঝরে পড়ে নিঃশব্দে জলে,

তাদের শবযাত্রা তুমি বহোঅক্লান্ত, অনবলে।

চিরন্তন সেই বেদনার রূপ পায় জোয়ারে

যা উঠে আসে মানুষের ক্লান্ত চোখের ছায়া ভরে।

তবুও, ও মহাকাল, তুমি শাশ্বত প্রশান্তি,

ভাঙা নাওয়ের আশ্রয়, শেষ প্রতিজ্ঞার সংগতি।

তোমার বুকে নিঃশ্বাস ফেলি, করি আত্মসমর্পণ,

ভুলে যাই কালের ঘড়ি, হারাই দেহমন।

হে মহাকাল সমুদ্র, তোমার বুকে এক বিন্দু আমি,

তবু তুমিই শেখাওমৃত্যুর পরে জীবনকামী।

সবার শেষে তুমিই তো শেষ গৃহ, শেষ আলো,

তোমার ঢেউয়ে লুকানো আমার মুক্তির পথচলো।

পূর্ববর্তী নিবন্ধরং বেরঙের খেলা
পরবর্তী নিবন্ধরঙ্গরসে