সরকার ও মুসল্লিদের যৌথ উদ্যোগে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত শাহী জামে মসজিদ সংস্কার উদ্যোগ পরিদর্শনে প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদ। গতকাল জুমাবার বাদ মাগরিব শাহী জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউণ্ডেশনের গভর্নর সৈয়দ আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরী আল মাদানীর কল্পলোকস্থ বাসভবনে অনুষ্ঠিত মুসল্লি পরিষদের সভায় পরিষদ সহসভাপতি মওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদের উপদেষ্টা হজরত আল্লামা আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরী আল মাদানী। সভায় সর্বসম্মতিক্রমে মসজিদ সংস্কার প্রকল্প বাস্তবায়ন ও মসজিদ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় চট্টগ্রামের এমপি, মন্ত্রী, মেয়রসহ বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় এতদ সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্তসহ একাউন্ট পরিচালনা ও বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রায় ৫০০ বছরের প্রাচীন এ ঐতিহাসিক মসজিদ সংস্কার ও পুনঃনির্মাণে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে বিষয়টি পার্লামেন্টে উপস্থাপনের জন্যে মুসল্লি পরিষদের সেক্রেটারি শাহজাহান চৌধুরী এমপি ব্যক্তিগত উদ্যোগ নেবেন মর্মে সভায় ঘোষণা দেন।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন যুগ্ম সম্পাদক এড. জিয়া হাবীব আহসান, সহ সভাপতি মওলানা মমতাজুর রহমান, অর্থ সম্পাদক নূর মোহাম্মদ, ব্যবসায়ী নেতা ফজল আহমেদ হারুন, বেলায়েত হোসেন, হাকীম এম এ তাহের আরবী, আহমদা লাল মিয়া, মো. হোসেন, শরীফ উল্লাহ প্রমুখ। সভা শেষে মুনাজাত পরিচালনা করেন আওলাদে রাসুল (সা.) তাহের জাবেরী আল মাদানী। প্রেস বিজ্ঞপ্তি।












