চট্টগ্রাম জেলা পর্যায়ে গতকাল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন–২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সকালে হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণি ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬–১১ মাস ও ১২–৫৯ মাস বয়সী দু’জন শিশুকে নীল ও লাল রঙের দু’টি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কামাল হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক হোসেন, পরিসংখ্যানবিদ তানজিলা আক্তার, সিভিল সার্জন কার্যালয়ের হেলথ এডুকেটর প্রবীর মিত্র, এন্টোমলজিস্ট মোঃ রিয়াজ উদ্দিন ও মোহাম্মদ জাহেদ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম ও ডায়রিয়াজনিত মৃত্যু হ্রাসসহ সকল ধরণের মৃত্যুর হার হ্রাস করে। পরিবারের রান্নায় ভিটাামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার শিশুর জন্য যথেষ্ট উপকারী। মা ও শিশুর পুষ্টির জন্য গর্র্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি করে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ প্রাণিজ ও উদ্ভিজ্জ খাবার খেতে দিতে হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ঘিরে যে কোন ধরণের গুজব রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। খবর প্রেস বিজ্ঞপ্তির।











