মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কাছে পেতে চায় সেই মানুষ থেকেই বেশি কষ্ট, অবহেলা পেয়ে থাকে। তখন অনাদি বেদনা হৃদয়ের গহীনে মিহি তরঙ্গের মতো বাজতে থাকে। মানুষ নানারকম দুঃখ, ক্ষত নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে, বেঁচে থাকতে চেষ্টা করে। এমনই জীবন, জীবন জগতের বিনশ্বরতা সম্পর্কে আমাদের কতোটুকুই বা সচেতনতা। বিরহ, বেদনা থেকে যারা উৎরে যেতে পারে তারা আজীবন দীর্ঘ দীর্ঘ ক্লান্তশ্বাসে আয়ু দীর্ঘায়িত করে এবং ব্যথিত সময় যায় শরীরের, মনের করুণ আর্তনাদে। ব্যথাতুর জীবন মোহ আর মন্দ্রতায় ধাবিত হয় ‘সূর্য পূর্ব দিকে ওঠে’ এমনই ধ্রুব সত্য। জীবন ও ভালোবাসা হলো একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত। জীবন হলো একটি চলার পথ আর ভালোবাসা হলো সেই পথের পাথেয়। এটি কেবল মানুষের আবেগ নয় বরং জীবনের কঠিন সময়ে সাহস, পারস্পরিক বিশ্বাস ও দায়িত্ববোধের এক আশ্চর্য অনুভব। পৃথিবীতে যারা ভালোবাসার অমৃত সুখের বা ভান্ডারের সন্ধান পায় তারা নিজেদের মনোজগতে আলোকিত জীবন যাপন করে আর ভালোবাসা বঞ্চিত মানুষের কেটে যায় নিভৃতচারী হয়ে।












