ভারতীয় ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য ১৫ বছর বয়সী ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে ডাক দেওয়া হয়েছে। শনিবার ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্ত মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন এই বিস্ময় বালক। ১৬ ম্যাচে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ–সেঞ্চুরিসহ সর্বোচ্চ ৭৭৬ রান সংগ্রহ করে টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক হন তিনি। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে ডাক পেয়েছেন বৈভব। বাঁহাতি এই ওপেনিং ব্যাটার আইপিএলের এক মৌসুমে ক্রিস গেইলের সর্বোচ্চ ছক্কা মারার ঐতিহাসিক রেকর্ডটিও ভেঙে দিয়েছেন। আইপিএল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই সঙ্গে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এবং ‘বেস্ট ইমার্জিং প্লেয়ার’ হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এরপর থেকেই মূলত তাকে জাতীয় দলে নেওয়ার জন্য জোর গুঞ্জন শুরু হয়েছিল। আসন্ন সিরিজে আয়ারল্যান্ড কিংবা ইংল্যান্ডের বিরুদ্ধে বৈভবের যদি অভিষেক হয়, তবে তিনি হবেন ভারতের পুরুষ সিনিয়র ক্রিকেট দলের ইতিহাসে প্রতিনিধিত্ব করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়। এর মাধ্যমে তিনি ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেবেন, যিনি ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। চলতি মাসের শেষের দিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। একই সঙ্গে বিসিসিআই জাপানের আইচি–নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া চলতি বছরের এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টটি আগামী ২৪শে সেপ্টেম্বর শুরু হয়ে ৩রা অক্টোবর ফাইনালের মাধ্যমে শেষ হবে।











