সঞ্চয়পত্রে বিনিয়োগে গ্রাহকদের নিরুৎসাহিত করার অভিযোগ পাওয়ার কথা তুলে ধরে ব্যাংকগুলোকে নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশনাও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। গত বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, তফসিলি ব্যাংকসমূহ সঞ্চয়পত্রে বিনিয়োগে গ্রাহকদের নিরুৎসাহিত করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সার্কুলারে সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭ এর নির্দেশনা তুলে ধরে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা বলা হয়। সেবার মান নিশ্চিত করতে শাখাসমূহে তদারকি করার পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খবর বিডিনিউজের।
দেশের বাণিজ্যিক ব্যাংক থেকে সঞ্চয়পত্র কেনার সুযোগ থাকলেও গ্রাহক হয়রানির অভিযোগ পুরনো। সেজন্য বেশিরভাগ ক্রেতা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে গিয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতেন। দ্রুত প্রক্রিয়া শেষ হওয়া ও সেবার মানে সন্তুষ্ট হওয়ায় দিন দিন গ্রাহক সংখ্যাও বাড়তে থাকে বাংলাদেশ ব্যাংকে। সেবা দিতে পুরো একটি ফ্লোর বরাদ্দ দেওয়া হয় সঞ্চয়পত্র বিক্রিতে।
অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংকে সঞ্চয়পত্রসহ অনেকগুলো জনসেবার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরমধ্যে সঞ্চয়পত্র বিনিয়োগে গ্রাহকদের নিরুৎসাহিত করার অভিযোগ পাওয়ার কথা জানাল কেন্দ্রীয় ব্যাংক।










