ব্যবসায়ীর ১১ বছরের কারাদণ্ড

এবি ব্যাংকের সাড়ে ৪৭ কোটি টাকা আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ মে, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

নগরীর এবি ব্যাংক জুবিলী রোড শাখার সাড়ে ৪৭ কোটি টাকা আত্মসাতের দায়ে এক ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে সমপরিমাণ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সীতাকুণ্ডের তনহা স্টিলের মালিক গিয়াস উদ্দিন প্রকাশ কুসুম। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। এজন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

দুদক পিপি মোকাররম হোসাইন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডবিধির পৃথক দুটি ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি ধারায় গিয়াস উদ্দিনকে ১১ বছরের কারাদণ্ড ও আত্মসাৎকৃত টাকার সমপরিমাণ জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। মামলার অপর আসামি নুরুন্নবীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি খালাস পেয়েছেন।

আদালত সূত্র জানায়, ব্যবসায়ী গিয়াস উদ্দিন এবি ব্যাংক লিমিটেডের জুবিলী রোড শাখা থেকে বৈদেশিক ও স্থানীয় এলসির মাধ্যমে প্রায় ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। পরে তিনি তা অন্যত্র সরিয়ে ফেলেন। এ ঘটনায় ২০১৪ সালের ১৩ মার্চ এবি ব্যাংক গিয়াস উদ্দিনসহ ২ জনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে চার্জশিট দাখিল করা হলে ২০২১ সালের ৭ নভেম্বর চার্জ গঠনের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধকন্টেনার হ্যান্ডলিংয়ে ইতিবাচক প্রবৃদ্ধি
পরবর্তী নিবন্ধএনজিও কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড