বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারখানার তিনজন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। উপজেলা মিলিটারি পুল এলাকার এই কারখানায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটককৃতরা হলেন, কারখানার দায়িত্বরত ম্যানেজার (মানব সম্পদ) মো.মোশাররফ, সহকারী জেনারেল এডমিন হাফেজ মো. মনিরুল ইসলাম ও ডিউটি ইনচার্জ আমির হোসেন।

জানা যায়, ভোরে উপজেলার শাকপুরা মিলিটারিপুল এলাকার বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানার টিনের চালা কেটে ভেতরে ঢুকে ওই যুবক। এসময় কারখানার লোকজন আটক করে তাকে খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, বিসমিল্লাহ ফেব্রিকসের কর্মকর্তারা দুপুর ১২টার দিকে অজ্ঞাতনামা এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনেন। বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধশিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কিশোর কারাগারে
পরবর্তী নিবন্ধক্রাসিং মিলে ভিড় কমছে,প্যাকেটজাতে বাড়ছে চাহিদা