‘একদিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’–এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়নের সমপ্রসারণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মমতা পক্ষ হতে ৪ হাজার ৫০০টি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলা প্রশাসনের ৬৫০০ গাছের চারা বিতরণ এর মধ্যে মমতার পক্ষ থেকে এককভাবে ৪ হাজার ৫০০টি চারা সরবরাহ ও বিতরণ করা হয়, যা মোট বিতরণকৃত চারার সিংহভাগ। মমতার এ উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় সবুজায়ন সমপ্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
মমতার পক্ষ থেকে বিতরণ করা চারার মধ্যে রয়েছে পেয়ারা, কাঁঠাল, জাম, জলপাই, আমলকী, আতা, মেহগনি, গামারি, সেগুন, নিম, অর্জুন, হরীতকি ও সজিনা। ফলজ, বনজ ও ঔষধ্তিএই তিন শ্রেণির ১৩ প্রজাতির চারা বিতরণের উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বিস্তৃত করা। চারাগুলো উপজেলার বিভিন্ন স্থানে রোপণের জন্য দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, স্কুল ও মাদ্রাসার দায়িত্বশীল প্রতিনিধিদের কাছেও চারা হস্তান্তর করা হয়, যাতে স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ বাড়ে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মমতার উপপরিচালক কৃষিবিদ মু. এনামুল হক, সহকারী পরিচালক মো. মঞ্জুরুল আলম মনজুসহ মমতার অন্যান্য কর্মকর্তা–কর্মীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












