আমার আকাশে পোড়া চাঁদ
তোমাকে ফেরাবো কী করে!
নিশীথের নিদ্রাহীন পাখি
নিঃসীম ক্ষত বুকের গহীনে।
জমা কালো অন্ধকারে
কষ্টের কফিন,
চোখে শিশিরবিন্দু
তোমাকে ফেরাবো কী করে!
ভালোবাসা আশ্বিনের উদাসী মেঘ;
অনাদরে পড়ে থাকা পারিজাত,
সৌরভের ভেজা চোখ নিয়ে
অপেক্ষায় পথ আগলাবে।
সমুদ্রের আদিগন্ত সাধ
শানিত স্বপ্নের নিপুণ নির্মাণে,
ঝরা শিউলির শব পড়ে থাকে
নিভৃত অঙ্গারে।
স্মৃতির চিতা জ্বলে বুকের বাঁশিতে
অনুতপ্ত মৃত্যু ছুঁয়ে যায়
অলক্ষ্যে, একাকীত্বে
তোমাকে ফেরাবো কী করে!








