বিশ্বকাপে লাল কার্ড বিতর্কে ব্যাখ্যা ফিফা সভাপতির

| বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন। সে কথা স্বীকার করে নিয়েছেন ফিফা সভাপতি। বিশ্বকাপের মাঝে হওয়া লাল কার্ড বিতর্কে মুখ খুলেছেন তিনি। ইনফান্তিনো জানিয়েছেন, ট্রাম্প তাকে ফোন করলেও এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার প্রভাব পড়েনি। ফিফা একটি বিবৃতি দিয়েছে। সেখানেই ইনফান্তিনো বলেছেন, ‘হ্যাঁ, ট্রাম্প আমাকে ফোন করেছিলেন। বিশ্বকাপের আয়োজন নিয়ে তার সঙ্গে আমার প্রায় কথা হয়। তবে লাল কার্ড নিয়ে ফিফার সিদ্ধান্তে তার কোনও প্রভাব পড়েনি। তাকে আমি বলেছিলাম, ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি আলোচনা করছে। তারাই সব সিদ্ধান্ত নেবে। এতে আমার বা আপনার কিছু করার নেই।’ ইনফান্তিনোর দাবি, নিয়মের মধ্যে থেকেই পুরোটা করা হয়েছে। কারও প্রভাবে কিছু হয়নি। বিবৃতিতে তিনি বলেছেন, ‘ফোলারিন বালোগুনের সাসপেনশনের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে সমাজমাধ্যমে অনেক কথা হচ্ছে। সকলকে বলতে চাই, ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি ফিফার নিয়ম মেনেই সবটা করেছে। তাদের মনে হয়েছে, বালোগুনের লাল কার্ড একটু বেশিই কড়া সিদ্ধান্ত হয়েছে। তাই ওর সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে।’ এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে দাঁড়িয়ে বলেন, ‘আমি ফিফাকে সিদ্ধান্ত পর্যালোচনা করার অনুরোধ করেছিলাম। কারণ আমার মনে হয়েছিল ওটা ফাউল নয়। আমি স্রেফ আরও এক বার দেখতে বলেছিলাম।

সিদ্ধান্ত বদলে দেওয়ার নির্দেশ দিইনি।’ ট্রাম্পের সংযোজন, ‘আমি জীবনে কখনও এ জিনিস দেখিনি। আমি ম্যাচটা দেখেছি। ওটা মোটেই ফাউল ছিল না। কোনও নিয়ম ভাঙা হয়নি। দু’জন ফুটবলার জোরে ছুটে আসার সময় একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ব্যস, এটুকুই।’

পূর্ববর্তী নিবন্ধএমবাপ্পেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের
পরবর্তী নিবন্ধটানা ছয় ম্যাচ গোল হজম না করার বিশ্ব রেকর্ড স্পেনের