বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আসছে ‘শিশু স্বর্গ’

প্রাথমিকভাবে ১০ জেলার ১০ উপজেলায় চালু হবে এ প্রকল্প

| বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘শিশু স্বর্গ’ প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে গতকাল বুধবার বিকালে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রতিবন্ধীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিশ্চিত সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। সভার পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং বিস্তারিত জানিয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে ১০ জেলার ১০ উপজেলায় এ প্রকল্প চালু করা হবে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। তিনি প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো স্থাপন, শিক্ষা ও চিকিৎসাসহ সব ধরনের সুযোগসুবিধা নিশ্চিত করতেও বলেছেন তিনি। খবর বিডিনিউজের।

সভায় প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মর্যাদা ও সক্ষমতা যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। এমন বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে, যেন তারা সমাজ ও রাষ্ট্রের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্তোরাঁসহ সরকারিবেসরকারি সব স্থাপনায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের উপযোগী অবকাঠামো ও টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে। কক্ষের দরজা এমনভাবে নির্মাণ করতে হবে, যেন হুইলচেয়ার ব্যবহারকারীরা সহজেই প্রবেশ করতে পারেন। নারীদের জন্য যে ইলেকট্রিক বাস চালু করা হবে, সেখানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুবিধা রাখতে হবে। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সচেতনতামূলক কার্যক্রম এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

সারাদেশে পরিচালিত প্রতিবন্ধী স্কুলগুলো সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করছে কি না, তা খতিয়ে দেখতে এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমূল হোতা শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅর্থছাড় সংক্রান্ত জটিলতায় চীনা নির্মাণ সামগ্রী আসা পিছিয়ে গেছে