ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউএস–বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের একজন কর্মকর্তা। পরে রানওয়েতে উড়োজাহাজটির ডানপাশের ল্যান্ডিং গিয়ারের অংশে ধোঁয়া উড়তে দেখা গেছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টা নাগাদ এ ঘটনা ঘটে বলে জানান বলে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন।
তিনি বিকালে বলেন, এটি ছিল ইউএস–বাংলার জেদ্দাগামী একটি ফ্লাইট। ফ্লাইটটি টেক–অফের সময় পাইলট বুঝতে পারেন, কিছু একটা কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। পরে তিনি আর টেক অফ করেননি। এ সময় ঠিক আগুনের ঘটনা ঘটেনি, তবে ধোঁয়া উড়তে দেখা গেছে। পরে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। কী ধরনের ত্রুটি দেখা দিয়েছে, সেটি প্রকৌশলীরা ভালো বলতে পারবেন। খবর বিডিনিউজের।
ইউএস–বাংলার জেদ্দাগামী ওই ফ্লাইটটি (বিএস–৩৬১) বিকাল ৪টা ২০ মিনিটে উড্ডয়নের সূচি ছিল। রাত সোয়া ৯টায় জেদ্দার বাদশা আব্দুল আজিজ বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের কথা ছিল। এয়ারবাসের এ৩৩০–৩০০ মডেলের উড়োজাহাজ দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করে ইউএস–বাংলা।
এদিকে, গতকাল সন্ধ্যায় ইউএস–বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ’ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সাথে সাথেই ‘পাইলট ইন কমান্ড’ যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন। শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করার কারণে রানওয়ে এবং চাকার অতিরিক্ত ঘর্ষণজনিত কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়োজাহাজটি সকল প্রসিডিউর মেনে রানওয়ে থেকে পার্কিং এরিয়াতে নিয়ে এসে যাত্রীদের দ্রুত নামানো হয়। যাত্রীরা নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন। ইউএস–বাংলা এয়ারলাইন্সের আরেকটি উড়োজাহাজে করে তারা জেদ্দার উদ্দেশে রওনা হবেন।











