নগরীর পতেঙ্গায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ জেট ফুয়েল, ডিজেল, অকটেন ও ভোজ্যতেল জব্দ করেছে কোস্টগার্ড। পতেঙ্গা থানাধীন ভিআইপি রোড সংলগ্ন এলাকায় সোমবার রাত ১১টা নাগাদ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানকালে অবৈধভাবে বিক্রির জন্য মজুত করা তেলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে আনুমানিক ২৩ লাখ ৩৫ হাজার টাকার ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, ১ হাজার ৫০০ লিটার অকটেন এবং উক্ত জ্বালানি তেল বহনে ব্যবহৃত একটি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। ইপিজেড থানাধীন আকমল আলী স্লুইচগেট সংলগ্ন এলাকায় মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা অভিযান চালিয়ে ঘাট সংলগ্ন এলাকায় জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৯ লাখ টাকার ৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করে।
গতকাল মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি জানান, দুটি অভিযানে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব ঘটনায় জড়িত মূল হোতাদের আটকে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। জব্দ করা জ্বালানি ও ভোজ্যতেল এবং ট্রাকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।












