প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) আয়োজিত পিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ থেকে মোট ২৪টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন পর্ব শেষে আইন বিভাগ ও ইংরেজি বিভাগ ফাইনালে উন্নীত হয়। ফাইনালে ইংরেজি বিভাগ বিজয়ী এবং আইন বিভাগ রানার আপ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন পিইউডিএসের চিফ মডারেটর জুলিয়া পারভীন।প্রধান অতিথি বলেন, বিতর্কের মাধ্যমে জ্ঞান অর্জন করা হয়, যুক্তিবোধ সৃষ্টি করা হয় ও সত্য উন্মোচন করা হয়। তিনি উল্লেখ করেন, বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি যুক্তি, বিশ্লেষণ, সহনশীলতা এবং নেতৃত্ব বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম। একজন শিক্ষার্থীর বুদ্ধিবৃত্তিক বিকাশে বিতর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে তথ্যের প্রাচুর্যের পাশাপাশি সমালোচনামূলক চিন্তা ও যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অপরিহার্য হয়ে উঠেছে। বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভিন্নমতকে সম্মান করতে শেখে, নিজেদের মতামত সুসংগঠিতভাবে উপস্থাপন করতে পারে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। পিইউডিএস এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি মোহাম্মদ ইফতেখার মনির বলেন, বিতর্ক শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং যৌক্তিক চিন্তার বিকাশ ঘটায়। শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলে। সাদাত জামান খান বলেন, ভাষা ও যুক্তির সমন্বয়েই একটি সুন্দর বিতর্ক গড়ে ওঠে। বিতার্কিকরা কেবল বক্তব্য উপস্থাপন করে না, বরং সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করে। অনুপ কুমার বিশ্বাস বলেন, আইন ও বিতর্ক উভয়ের ভিত্তিই হলো যুক্তি ও বিশ্লেষণ। বিতর্ক শিক্ষার্থীদের ন্যায়বোধ, যুক্তিশীলতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভাপতির বক্তব্যে জুলিয়া পারভীন বলেন, পিইউডিএস শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী, মানবিক ও প্রগতিশীল চিন্তার বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে। আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। উপস্থিত ছিলেন সঞ্জয় বিশ্বাস, সাইফুদ্দিন মুন্না, ফারিয়া হোসেন বর্ষা, পিইউডিএস–এর প্রভাষক মু. মেহেদী রহমান, ফজল আল মাহমুদ অয়ন এবং সিফাত নূর চৌধুরী।শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।












